২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সংঘর্ষে আ.লীগের জনসভা পণ্ড

ঝিনাইদহ শহরে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে দলের জনসভা পণ্ড হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে দলের জনসভা পণ্ড হয়ে গেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের পায়রা চত্ত্বরে 'ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে' আহ্বান করা এ জনসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মাহবুবুল আলম হানিফ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সভা শুরু হওয়ার পর একটি পক্ষ শ্লোগান দিতে দিতে যশোর সড়ক দিয়ে এগিয়ে এসে মঞ্চ লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় অপর পক্ষ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এর আগে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান জনসভায় শুভেচ্ছা বক্তব্য দেন। পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে লাঠিপেটা করা হয় ও কাঁদানে গ্যাস ছোঁড়া হয়।" সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে সাত জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। মো. রেজাউল করিম জানান, প্রায় আধাঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। নেতাদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের ঘিরে রাখে। এ সময় আজিজুর রহমান সভা স্থগিত ঘোষণা করলে নেতারা মঞ্চ ছেড়ে যান। পরে মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউজে যান। সেখান থেকে সন্ধ্যায় তারা ঢাকার পথে রওয়ানা হন। জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই, সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু ও আব্দুল মান্নান। আজিজুর রহমান এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে বলেন "যেসব যুবক মঞ্চ লক্ষ্য করে ঢিল ছুড়ছিল তাদের তিনি চেনেন না।" সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/২১৫৬ ঘ.