গাইবান্ধা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কাবিলের বাজারে শ্যালো ইঞ্জিন চালিত যান ভটভটি উল্টে ৭ জন আহত হয়েছে। এ দুর্ঘটনার পর স্থানীয় জনতা ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে ভটভটিটি উল্টে যায়। আহতরা সকলেই ভটভটির যাত্রী।
সুন্দরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ দুর্ঘটনার পর স্থানীয় জনতা ওই সড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় জনতা বেলা ২টার দিকে অবরোধ প্রত্যাহার কওে নেয়। এরপর যানবাহন চলাচল শুরু হয়।
আহতদের মধ্যে সাগর (১৭), সাব্বির (২৮) ও রেজিয়া আকতারকে (৪০) গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় সাগরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি আরো জানান, স্থানীয় জনতা নসিমন, করিমন, ভটভটিসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে গাছের গুড়ি ফেলে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত অবরোধ করে রাখে। পুলিশ ভটভটিটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/কেএমএস/ ২১২৩ ঘ.
bdnews24