চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার সিইউএফএল-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদারকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে রোববার বিকালে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম জসিম উদ্দিনের আদালতে হাজির করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে হাজির করা হলে মহসিন উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
গত ১৫ ফেব্র"য়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক এমডিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি নেন।
পরে বুধবার জিজ্ঞাসাবাদ শুরু করেন সিআইডি কর্মকর্তারা।
মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহসিন উদ্দিন রিমান্ডে নতুন কোনো তথ্য দেননি। এর আগে রিমান্ডে যেসব তথ্য দিয়েছিলেন তা এবারও ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল'র সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তখন সিইউএফএল'র এমডি ছিলেন মহসিন।
বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর ২০০৯ সালের ১২ মার্চ মহসিন ও সিইউএফএল'র সাবেক ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হককে গ্রেপ্তার করে সিআইডি।
মহসিন তালুকদারকে ওই সময় তিনদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে তিনি আাদলতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১১২ ঘ.
bdnews24