২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অকটেন ঢেলে শিশুর গায়ে দেওয়া হলো আগুন

নোয়াখালীর সেনবাগে অটোরিকশার একটি গ্যারেজে এক শিশুর গায়ে অকটেন ঢেলে আগুন দিয়েছে এক অটোরিকশা চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগে অটোরিকশার একটি গ্যারেজে এক শিশুর গায়ে অকটেন ঢেলে আগুন দিয়েছে এক অটোরিকশা চালক। আবু সুফিয়ান (১৫) নামের ওই শিশুর শরীরের একাংশ আগুনে মারাত্মকভাবে পুড়ে গেছে। সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের রাস্তারমাথা এলাকায় গত শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। সুফিয়ান একই ইউনিয়নের মহিদীপুর গ্রামের মো. সোলেমানের ছেলে। অটোরিকশা গ্যারেজের কর্মী সুফিয়ান সময় মত কাজ করে দিতে না পারায় আমিরুল ইসলাম (২৪) নামের এক অটোরিকশা চালক এ ঘটনা ঘটায়। পুলিশ আমিরুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় লোকজন সুফিয়ানকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রোববার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় সুফিয়ানের পিতা সোলেমান বাদি হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন। রাতে পুলিশ আমিরুল ইসলাম (২৪), আইয়ুবুল ইসলাম (২২) ও সাদ্দাম হোসেনকে (২১) গ্রেপ্তার করে। রোববার তিনজনকে আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে আমিরুল ইসলাম তাঁর সিএনজি চালিত অটোরিকশা মেরামতের জন্য রাস্তারমাথা এলাকায় সাগরের গ্যারেজে নিয়ে যায়। এ সময় গ্যারেজের কর্মী সুফিয়ানকে অন্য একটি অটেরিকশা মেরামত করতে দেখে আমিরুল তার অটোরিকশাটি রেখে যায়। বিকেলে এসে অটোরিকশাটি মেরামত করা হয়নি দেখে আমিরুল ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিরুল আরো কয়েকজনকে সাথে নিয়ে তার অটোরিকশায় থাকা অকটেন সুফিয়ানের গায়ে ঢেলে দিয়ে ম্যাচ খোচায় আগুন ধরিয়ে দেয়। এসময় আশাপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে এবং অগ্নিদগ্ধ সুফিয়ানকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে সুফিয়ানের পিঠসহ শরীরের একাংশ পুড়ে গেছে। তার অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেনবাগ থানার ওসি নজিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯২৮ ঘ.