ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে এখনই সব বাংলাদেশিকে ফিরিয়ে আনার পক্ষপাতি নয় সরকার। তবে যারা সঙ্কটে রয়েছেন, তাদের ফিরিয়ে আনার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
লিবিয়ায় রাজনৈতিক সঙ্কটে আটকেপড়া বাংলাদেশিদের বিষয়ে এক বৈঠকের পর রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান।
মোশাররফ বলেন, "দ্রুত সব কর্মীকে সরিয়ে নেওয়ার মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি। সবাইকে একযোগে সরিয়ে নেওয়া হলে বরং সমস্যা আরো বাড়বে।"
"জরুরি প্রয়োজনে সব বাংলাদেশিকে নৌপথ বা আকাশপথে সরিয়ে নেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে", যোগ করেন তিনি।
দেশে ইতোমধ্যে দাবি উঠেছে, লিবিয়াপ্রবাসীদের ফিরিয়ে আনতেহবে। প্রবাসীদেও স্বজনরা এ দাবিতে শনিবার সড়ক অবরোধের মতো কর্মসূচিও পালন করেন।
লিবিয়ায় যারা সঙ্কটে রয়েছে, তাদের সহায়তার জন্য পাশের দেশ মিশর ও তিউনিসিয়ায় ১০টি সেবা কেন্দ্র চালু করা হয়েছে।
পাসপোর্ট রেখে বা হারিয়ে যারা লিবিয়া থেকে পালিয়ে বাঁচছেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় স্থাপিত এসব কেন্দ্রে তাদের সহায়তা দেওয়া হবে বলে মন্ত্রী জানান।
"যাদের বেশি সমস্যা হচ্ছে, তাদের নিজ উদ্যোগে সরে যেতে হবে", একইসঙ্গে বলেন তিনি।
গত সপ্তাহ থেকে লিবিয়ায় সরকারবিরোধী প্রবল বিক্ষোভ চলছে। উত্তর আফ্রিকার এ দেশটিতে অর্ধ লক্ষাধিক বাংলাদেশি রয়েছে। এরমধ্যে সংঘাতপ্রবণ বেনগাজি শহরেই রয়েছে প্রায় ৩ হাজার বাংলাদেশি।
ইতোমধ্যে ১১শ বাংলাদেশি লিবিয়া থেকে সরে এসেছেন বলে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন, , এ পর্যন্ত ৮০৪ জন বাংলাদেশি কর্মীকে লিবিয়া থেকে গ্রিসে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে লিবিয়া থেকে সরকারি উদ্যোগে কোনো বাংলাদেশিকে সরানো হয়নি বলে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান।
৮০৪ জনকে সরানোর বিষয়ে তিনি বলেন, নিয়োগকর্তা চীনা কোম্পানির পক্ষ থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন না, এমন ৮৯ জন কর্মীও রয়েছেন।
লিবিয়ায় বাংলাদেশিদের সর্বশেষ অবস্থা প্রসঙ্গে মোশাররফ বলেন, "সবাই সেখানে ভালো আছেন তা যেমন নয়, তেমনি সবাই খারাপও নেই। যারা ভালো আছেন, তাদের নিজ নিজ কর্মস্থল বা ঠিকানা ত্যাগ না করতে বলা হয়েছে। তবে প্রয়োজনীয় ভ্রমণ নথি ও কাগজপত্র তাদের সঙ্গে রাখতে হবে।"
লিবিয়ার বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা এবং সেখানে থাকা বাংলাদেশি কর্মীর ভবিষ্যত নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রোববার জেনেভা যাচ্ছেন। সেখানে তিনি আইওএমসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৮০০ ঘ.
bdnews24