ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ নাহিদ শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়া যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বিদেশি মুদ্রা নিয়ে ইমিগ্রেশনের চোখ এড়িয়ে তিনি বিমানে উঠে গিয়েছিলেন। পরে বিমান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ওসি আবু সালেহ মো. শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিমানে নাহিদকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কেবিন ক্রুর সন্দেহ হয়। পরে আমর্ড পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা বিমানে তার সিটের নিচে লাইফ জ্যাকেট রাখার স্থানে তল্লাশি চালিয়ে মিষ্টির প্যাকেটে বৈদেশিক মুদ্রার বান্ডিল পায়।"
নাহিদের কাছে মোট সোয়া ৩ কোটি টাকার বিদেশি মুদ্রা পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
এর মধ্যে ডলার, ইউরো, মালয়েশিয়ার রিংগিট, সিঙ্গাপুরি ডলার রয়েছে।
পুলিশ জানিয়েছে, মুদ্রা পাচার আইনে নাহিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১২৩০ ঘ.
bdnews24