২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের সব হিমাগারে অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি

রংপুরে এক হিমাগারে হামলার প্রতিবাদে আগামী ১ মার্চ থেকে সেখানকার সব হিমাগারে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে রংপুর জেলা হিমাগার মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

রংপুর, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে এক হিমাগারে হামলার প্রতিবাদে আগামী ১ মার্চ থেকে সেখানকার সব হিমাগারে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে রংপুর জেলা হিমাগার মালিক সমিতি। শনিবার দুপুরে রংপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। চেম্বারের মিলনায়তনে জরুরি সভার পর এ ঘোষণা দেওয়া হয়। রংপুরে ৩০টি হিমাগার রয়েছে। রংপুর হিমাগার মালিক সমিতি নেতা মোছাদ্দেক হোসেন বাবলু লিখিত বক্তব্যে বলেন, গত শুক্রবার বিকেলে রংপুর শহরতলীর হোমল্যান্ড হিমাগারে আলু সংরক্ষণ উপলক্ষে মিলাদ অনুষ্ঠানের সময় একদল সন্ত্রাসী হিমাগারটির পরিচালক আবুল কাশেমের গাড়িতে হামলা চালায়। তারা হিমাগারে কার্যালয়ে চেয়ার-টেবিল ও আসবাবপত্রও ভাংচুর করে। হিমাগার মালিকদের সভার সিদ্ধান্ত অনুযায়ী হোমল্যান্ড হিমাগারে হামলাকারীদের গ্রেপ্তার ও আক্রান্তের পরিবারের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আগামী ১ মার্চ থেকে রংপুর জেলায় সব হিমাগারে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে বলে জানান মোছাদ্দেক। ওই হামলার ঘটনায় আবুল কাশেম কোতয়ালী থানায় মামলা করেছেন বলে জানান মোছাদ্দেক। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হিমাগার মালিক সমিতির নেতা শাহাদত হোসেন, ফজলুল হক, আজিজুল ইসলাম মিন্টু মোস্তফা সোজরাব চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩১৮ ঘ.