২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাব্য সংকটে বিচ্ছিন্ন মংলা

কুমারখালী নদীর নাব্য সংকটের কারণে বুধবার থেকে নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মংলা সমুদ্র বন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমারখালী নদীর নাব্য সংকটের কারণে বুধবার থেকে নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মংলা সমুদ্র বন্দর। মংলা-রামপাল-ঘষিয়াখালী কাটাখাল পর্যন্ত বিস্তৃত কুমারখালী নদীর বিভিন্ন স্থানে শতাধিক পণ্যবাহী বার্জ, কার্গো, কোস্টার ও তেলবাহী ট্যাঙ্কার আটকে রয়েছে। এসব যান ভরা জোয়ারের অপেক্ষায় রয়েছে। অবশ্য ছোট ছোট কিছু নৌযান প্রতিদিনের জোয়ারের পর এপথে চলতে পারছে। নৌযান আটকে থাকায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা জানান, ভারত, খুলনা, নওয়াপাড়া ও মংলা বন্দর থেকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে নৌ-পথে পণ্য পরিবহণে এটাই একমাত্র পথ। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক আবুল কাশেম মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভরা জোয়ার না হলে এ সব নৌযান গন্তব্যে রওনা হতে পারবে না। তিনি জানান, প্রতিদিন এ নৌ পথে প্রায় দুই শতাধিক পণ্যবাহী যান চলাচল করে। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করে অর্ধ শতাধিক নৌযান। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খুলনার উপ-পরিচালক একেএম শাজাহান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভরা জোয়ার হলে আবার নৌযান চলাচল কিছুদিন স্বাভাবিক থাকবে।" বিআইডাব্লিউটিএ'র ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাশুকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় পঁচিশ কিলোমিটার দীর্ঘ কুমারখালী নদীর ১২ কিলোমিটার অংশে প্রকট নাব্য সংকট রয়েছে। ২০১০ সালে নদীর রামপাল এলাকায় দুই কিলোমিটারে ড্রেজিং করা হলেও কোনো সুফল আসেনি। দ্রুত পলি পড়ে নদীর তলদেশ আবার ভরাট হয়ে গেছে। বিশেষজ্ঞদের পরামর্শে ড্রেজিং বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে ড্রেজিং করার কৌশল ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চলছে বলে জানান মাশুকুল। নদী পাড়ের কয়েকজন বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্ষাকালে নদীতে পনের-ষোল ফুট পানি থাকলেও শুকনো মৌসুমে ভাটার সময় তিন থেকে চার ফুট পানি থাকে। তবে পূর্ণিমা বা অমাবশ্যা তিথির ভরা জোয়ারে নদীতে সর্বোচ্চ সাত-আট ফুট পানি থাকে বলে তারা জানান। তখনই মূলত ভারী নৌযানগুলো এ পথে চলাচলের সুযোগ পায়। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক গাজী বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটকে পড়া প্রতিটি নৌযান মালিককে প্রতিদিন দশ থেকে পনের হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।" তিনি জানান, সমস্যা সমাধানের জন্য বিআইডাব্লিউটিএ-কে জানানো হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৪৪ ঘ.