ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ ও ছিনতাইকারীর মধ্যে গোলাগুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
গুলিবিদ্ধ যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৭ বছর।
যাত্রাবাড়ী থানার ওসি কে এম আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫/৬ জন ছিনতাইকারী একটি প্রাইভেট কারে এসে শ্যামপুরে ছিনতাই করে পালানোর সময় জনতা তাদের ধাওয়া করে। ওই সময় তাদের প্রাইভেট কারটি টহল পুলিশের সামনে পড়ে যায়।
এ সময় পুলিশ ও ছিনতাইকারীদের মধ্যে গোলাগুলি শুরু হলে ছিনতাইকারীরা প্রাইভেট কারটি রেখে পালিয়ে যায়।
পরে পুলিশ গাড়ির ভিতর থেকে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে। তার বুকের ডান পাশে গুলি লেগেছে বলে জানান ওসি কে এম আবুল কাসেম।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/কেএমএস/১৯২৭ ঘ.
bdnews24