২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বন্ধুর কেউই বাঁচলো না

একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একে একে দিনাজপুরের তিন তরুণই মারা গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 09:52 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

দিনাজপুর, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একে একে দিনাজপুরের তিন তরুণই মারা গেলেন। শুক্রবারের ওই দুর্ঘটনায় এক জন নিহত হন কিছু সময় পরই। এরপর রাতে এবং শনিবার সকালে অন্য দুজনেরও মৃত্যু হলো। নিহতরা হলেন- বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াখোল গ্রামের খাজের উদ্দিনের ছেলে বদিউজ্জামান (১৮), ভেলারপাড়া গ্রামের আনিছুর রহামানের ছেলে হাছান আলী (১৭) এবং পলিপ্রয়াগপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম (২৫)। হাছানের নতুন মটর সাইকেলে চড়ে অন্য দুই বন্ধু দুর্ঘটনায় পড়েন। হাছানের বাবা আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারই নতুন মটর সাইকেল কেনে হাছান। "নতুন বাইক নিয়ে বন্ধু শাহিনুর ও বদিউজ্জামানকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। বিজুল বাজারে একটি যাত্রীবাহী বাস তাদের বাইকটিকে ধাক্কা দেয়।" আহত তিন জনকে স্থানীয়রা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামানকে মৃত ঘোষণা করেন। শাহিনুর এবং হাসানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১১টার দিকে হাছান এবং শনিবার সকাল ১০টায় শাহিনুুর মারা যায় বলে আনিছুর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫০ ঘ.