২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় সংঘাতআটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে অবরোধ

সংঘাতময় লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে ফেরানোর দাবিতে কিশোরগঞ্জের ভৈরববাসীর অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

কিশোরগঞ্জ, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘাতময় লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে ফেরানোর দাবিতে কিশোরগঞ্জের ভৈরববাসীর অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিলো। জগন্নাথপুর এলাকায় শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ অবরোধ চলে। এতে মহাসড়কের উভয় পাশে দেখা দেয় তীব্র যানজট। গত সপ্তাহ থেকে লিবিয়ায় সরকারবিরোধী প্রবল বিক্ষোভ চলছে। উত্তর আফ্রিকার এ দেশটিতে ৫০ হাজারের বেশি বাংলাদেশি রয়েছে। এর মধ্যে সংঘাতপ্রবণ বেনগাজি শহরেই রয়েছে প্রায় ৩ হাজার বাংলাদেশি। মহাসড়ক অবরোধকারীরা জানায়, লিবিয়ায় শুধু ভৈরব উপজেলারই সহস্রাধিক লোক কর্মরত। সরকারবিরোধী আন্দোলনের মধ্যে সেখানে তাদের জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ভৈরব থানার ওসি শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিবিয়ায় প্রবাসীদের নিরাপত্তার দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে জনতা রাস্তা ছেড়ে দেয়। দুপুর ১২টা থেকে থেকে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক বলে জানান তিনি। স্থানীয়দের এ অবরোধে হাজার খানেক মানুষ অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে অবরোধ ছিলো শান্তিপূর্ণ। কোনো ধরনের ভাংচুর হয়নি। অবরোধকারীরা বলেছে, উদ্ভূত পরিস্থিতিতে অন্যান্য দূতাবাস তাদের নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করলেও বাংলাদেশ সরকারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলনের হুমকি দেন তারা। সরকার ইতোমধ্যে বলেছে, প্রবাসী লিবীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রয়োজনে তাদের দেশেও ফেরত আনার ব্যবস্থা করা হবে। নিরাপত্তার স্বার্থে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা যাতে প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ভিসা) ছাড়াই মিশরে প্রবেশ ঢুকতে পারেন, সে বিষয়ে মিশর সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ মিশন। এছাড়া বাংলাদেশি কর্মীদের আশ্রয় দিতে তিউনিসিয়া সরকারের সঙ্গেও আলেঅচনা চালাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.