ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের এক সোর্সকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম আমির সিকদার (২৮)। তার বাসা শনি আখড়া এলাকায়।
শুক্রবার দুপুর ২টার দিকে উত্তর যাত্রাবাড়ী সূর্য কমল ক্লাবের সামনে আমির খুন হ বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
নিহতের ছোট ভাই বাদশা সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ক্লাবের পাশে মা আম্বিয়া বেগমের সঙ্গে দেখা করতে গিয়েছিলো আমির।
"ওই এলাকায় ওঁৎ পেতে থাকা ৪/৫ জন সন্ত্রাসী আমিরকে রাস্তায় ফেলে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আমির মারা গেছেন।
আমির পুলিশকে বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি সবজি বিক্রি করতেন বলে বাদশা জানান।
যাত্রাবাড়ী থানার ওসি কেএম আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনেছি আমির আগে পুলিশ সোর্সের কাজ করতো।"
নিহত আমিরের গ্রামের বাড়ি ঝালকাঠির তেতুলবাড়িয়ায়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮১৬ ঘ.
bdnews24