২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবালয়ের ১৩ শ্রমিক লিবিয়ায় আটক, দুশ্চিন্তায় পরিবার

লিবিয়ায় আটক বাংলাদেশিদের মধ্যে মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্তত ১৩ জন শ্রমিক রয়েছেন। তাদের জন্য দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

মানিকগঞ্জ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় আটক বাংলাদেশিদের মধ্যে মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্তত ১৩ জন শ্রমিক রয়েছেন। তাদের জন্য দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। লিবিয়ায় আটকা পড়া স্বজনদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আকুতি জানিয়েছেন তারা। গত সপ্তাহে লিবিয়ায় প্রবল সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর শতাধিক বাংলাদেশিসহ চারশরও বেশি বিদেশি নাগরিক সেখানে আটকা পড়েন। বৃহস্পতিবার লিবীয় সেনাবাহিনী তাদের মিশর সীমান্তবর্তী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। শিবালয় এলাকার বাসিন্দা ও স্বজনরা জানান, উপজেলার তেওতা ইউনিয়নের মো. খলিল শেখ (২৬), সুমন কুমার সন্ন্যাসী (২৫), আবুল হোসন (২৫), মো. জলিল (২৭), মাসুদ রানা (২৮), কালু মোল্লা (৩৫), মো. আনোয়ার (৩০), মনির হোসেন (২২), দুলাল শেখ (৩৫), আনোয়ার হোসেন (২৫), শরিফ মোল্লা (২৬), পরাণ সরকার (৪৫), কৃষ্ণ বিশ্বাসসহ (৩০) বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিক লিবিয়ায় আটকা পড়েছেন। এরা কাজের উদ্দেশে বিভিন্ন সময়ে লিবিয়ায় যান। সুমনের বাবা শম্ভু চন্দ্র সন্ন্যাসী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ছেলে লিবিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে। গত রোববার টেলিফোনে তিনি পরিবারকে জানিয়েছেন, বিক্ষোভকারীরা তাকে ও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে ক্যাম্পে আটকে রেখেছে। সেখানে তাকে না খেয়ে থাকতে হচ্ছে। এরপরই ফোনের লাইন কেটে যায়। এরপর বৃহস্পতিবার দুপুরে সুমন ফোনে জানায়, অনেক বাংলাদেশি শ্রমিকের সঙ্গে সে মিশর সীমান্তে রয়েছে। ষাটঘর গ্রামের মো. হানিফ শেখ জানান, তার ছেলে আবুল হোসন (২৫) গত ১০ মাস ধরে লিবিয়ায় একটি কোম্পানিতে ওয়েল্ডিংয়ের কাজ করে। রবিবার তিনি টেলিফোনে পরিবারকে জানান, আটকাবস্থায় তাকে অনাহারে থাকতে হচ্ছে। একই গ্রামের আবদুর রহিম কান্নাজড়িত কণ্ঠে জানান, তার একমাত্র ছেলে মাসুদ রানা (২৮) দুই বছর আগে লিবিয়া যায়। সেও বিক্ষোভকারীদের হাতে আটক। সর্বশেষ গত সোমবার মাসুদের সঙ্গে টেলিফোনে কথা হয় পরিবারের সদস্যদের। এরপর চেষ্টা করেও তার সঙ্গে আর কথা বলা সম্ভব হয়নি বলে জানান আব্দুর রহিম। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি। অবশ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৩৪ ঘ.