ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার গেণ্ডারিয়া থেকে ৬৮টি ইয়াবা বড়িসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে ধুপখোলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মঈন ওরফে মহিন (৩০) ও জসিম (২৫)।
মহিন ঢাকা-৬ আসনে সরকারদলীয় সংসদ সদস্য মিজানুর রহমান খান দীপুর দেহরক্ষী হিসেবে পরিচয় দিতো বলে স্থানীয়রা জানিয়েছে। তবে পুলিশ বলছে, ফায়দা হাসিলের জন্য তিনি এ পরিচয় ব্যবহার করতেন।
গেণ্ডারিয়া থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহিন সংসদ সদস্যের দেহরক্ষী নয়। এমপি এলাকায় এলে অনেক ধরনের লোক তার আশেপাশে থাকে। মহিন নিজেকে ওইভাবে পরিচয় দিয়ে ফায়দা লুটতো।"
তিনি জানান, মহিন একজন চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
জসিম মহিনের সহযোগী বলে ওসি জানান। দুজনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/এমআই/১২৩০ ঘ.
bdnews24