ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নিশ্চিতে রংপুর বিভাগের ছয়টিসহ দেশের ২৩ জেলায় বিশেষ প্রকল্প হাতে নিয়েছে সরকার।
এ প্রকল্পের আওতায় এসব জেলার ১৩৫ উপজেলায় ডোবা-খাল খনন, মৎস্য অভয়াশ্রম ও মাছের পোনার মজুদ গড়ে তোলা এবং মৎস্য চাষীদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস 'অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নিশ্চিতকরণ' শীর্ষক প্রকল্প সংশ্লিষ্টদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
কুড়িগ্রামে যুব উন্নয়ন কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
গত বছরের জুন থেকে এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৮৬ কোটি ১৯ লাখ টাকা ব্যয় সাপেক্ষ এ প্রকল্প বাস্তবায়ন করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
কর্মশালার উদ্বোধন শেষে মন্ত্রী স্থানীয় ভেকুলিয়া গ্রামে খাল খনন এবং দরিদ্র জনগোষ্ঠীর সাঝে সহায়ক সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
যেসব জেলায় এ প্রকল্প বাস্তবায়িত হবে সেগুলো হলো- রংপুর বিভাগের গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও দিনাজপুর, ঢাকা বিভাগের মানিকগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারিপুর, ফরিদপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ ও শেরপুর, রাজশাহী বিভাগের রাজশাহী, চাপাই-নবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জ এবং খুলনা বিভাগের কুষ্টিয়া।
প্রত্যেক উপজেলায় মাছ চাষ কার্যক্রম পরিচালনায় সমাজভিত্তিক সংস্থার (সিবিও) মাধ্যমে তিনটি করে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। প্রত্যেক কমিটিতে বিভিন্ন পর্যায়ের ২০ জন প্রতিনিধি থাকবেন।
এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে এসব জেলায় বছরে অতিরিক্ত প্রায় ৫০ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হবে। এ থেকে উপকৃত হবে প্রায় ৮০ হাজার পরিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১৪৫ ঘ.
bdnews24