২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রুটে এক্সপ্রেসওয়ে তৈরির উদ্যোগ

ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চলার উপযোগী মহাসড়ক (এক্সপ্রেসওয়ে) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চলার উপযোগী মহাসড়ক (এক্সপ্রেসওয়ে) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে পরমার্শক নিয়োগে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ এক্সপ্রেসওয়ের নাম হবে দ্বিতীয় ঢাকা-চট্টগ্রাম ন্যাশনাল হাইওয়ে। প্রকল্পের পরিচালক আরিফুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আশা করছি চলতি বছরের মধ্যেই এর নির্মাণ কাজ শুরু করতে পারবো। "মহাসড়কটি স্বাভাবিক চার লেনের হবে নাকি উড়ালপথ হবে- এর সম্ভাব্যতা খতিয়ে দেখা হবে। কোন পদ্ধতিতে কত ব্যয় হবে তাও দেখা হবে," বলেন তিনি। প্রকল্প পরিচালক জানান, ২২টি সেতুসহ উড়ালপথ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে নয় শ' কোটি মার্কিন ডলার এবং স্বাভাবিক চার লেনের সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে চারশ কোটি ডলার। উড়ালপথ নির্মাণে তিন বছর এবং চার লেনের সড়ক নির্মাণে প্রায় দুই বছর লাগবে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তথ্য অনুযায়ী, সবচেয়ে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৪৫ হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে। প্রকল্প পরিচালক জানান, মহাসড়কটির বেশিরভাগ অংশ বর্তমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে যাবে। এ জন্য বড় চারটি সেতুসহ মোট ২২টি নতুন সেতু নির্মাণ করতে হবে। "বড় চারটি সেতুর মধ্যে দুটি হবে মেঘনা নদীতে এবং বাকি দুটি হবে শীতলক্ষ্যা ও গোমতি নদীর ওপর।" সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে (পিপিপি) এ সেতু নির্মাণ হবে বলেও জানান তিনি। আরিফুর রহমান বলেন, "দ্বিতীয় মহাসড়ক নির্মাণের পর সড়কের দুই পাশে আটকানো থাকবে। ইচ্ছে করলেই গাড়ি প্রবেশ বা বের হতে পারবে না। নির্দিষ্ট জায়গা দিয়েই প্রবেশ ও বের হওয়া যাবে।" প্রস্তাবিত নতুন এই সড়কের বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিশেষজ্ঞ কমিটির সদস্য শামসুল হক বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাট বাজার ও ভ্যান রিকশা মিলিয়ে এটি এখন মহাসড়কের ধারে কাছেও নেই। এটি একটি লোকাল সড়ক হয়ে গেছে। এ পথে উড়াল বা মাটি দিয়ে হোক দ্রুতগতির মহাসড়ক নির্মাণ করতেই হবে।" এক্সপ্রেসওয়ে করা গেলে ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় যাতায়াত করা যাবে বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/পিডি/২১৩৪ ঘ.