বান্দরবান, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে লাইনে দাঁড়িয়েও খোলা বাজারের চাল কিনতে পাচ্ছে না অনেকে।
কম বরাদ্দই এর কারণ, বলছেন ডিলার ও ক্রেতারা।
ক্রেতারা আরো বেশি করে চাল বরাদ্দের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে বান্দরবান বাজারে ডিলার বিমল কান্তি দাশ এবং ওয়াপদা ব্রিজ এলাকার ডিলার আবদুল জলিলের দোকানে গিয়ে নারী-পুরুষের দীর্ঘ সারি দেখা গেছে।
বিমল কান্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখানে দরিদ্র লোকের সংখ্যা বেশি। প্রতিদিন এক হাজার কেজি চাল বরাদ্দ পাই। প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে দিলে ২০০ পরিবারকে চাল দেওয়া সম্ভব হয়।
কিন্তু দোকানে প্রতিদিন তিনশ থেকে সাড়ে তিনশ মানুষ লাইনে দাঁড়ায়। ফলে অনেকে চাল কিনতে না পেরে ফিরে যাচ্ছে বলে বিমল জানান।
একই ধরনের মন্তব্য করেন ডিলার আবদুল জলিল।
তার দোকানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাল না পাওয়া কয়েকজন বলেন, "লম্বা লাইন ধরেও চাল না পাওয়ায় একদিকে তাদের সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাজার থেকে বেশি দামে চাল কিনতে গিয়েও তাদের কষ্ট হচ্ছে।"
এ দুটি দোকানের সামনে চাল ক্রেতার সারিতে কয়েকজন নিু-মধ্যবিত্তকেও দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, অনিচ্ছা সত্ত্বেও খোলা বাজার থেকে চাল কিনতে তারা লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু চাল না পেয়েই ফিরে যাচ্ছেন।
এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক জহরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বান্দরবান পৌর এলাকায় মোট ১১ জন ডিলার আছেন। প্রত্যেক ডিলারকে প্রতিদিন এক হাজার কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।
নিয়মের কারণে চাহিদা বেশি থাকলেও এই মুহূর্তে ডিলারদের বরাদ্দ বাড়ানো সম্ভব নয়। তবে শিগগিরই পৌর এলাকায় আরো তিনটি ডিলারশিপ বাড়ানো হতে পারে বলে জানান জহিরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24