২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রতিবন্ধীর সংখ্যা ১ কোটি ৪৪ লাখ

সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানিয়েছেন দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার। এদের মধ্যে দু'লাখ ৮৫ হাজার ৯৮২জন সরকারি ভাতা পাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানিয়েছেন দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার। এদের মধ্যে দু'লাখ ৮৫ হাজার ৯৮২জন সরকারি ভাতা পাচ্ছেন। তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের প্রশ্নের উত্তরে এ কথা জানান। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকারিভাবে প্রতিবন্ধীদের বিষয়ে সুনির্দিষ্ট কোন জরিপ পরিচালিত হয়নি। এ কারণে জেলা ও উপজেলা ভিত্তিক প্রতিবন্ধীদের পরিসংখ্যান সংক্ষরণ করা সম্ভব হয়নি। তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব মতে দেশের মোট জনসংখ্যার ১০ ভাগ হচ্ছে প্রতিবন্ধী। এ হিসেবে দেশে প্রতিবন্ধীর সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার। দু'লাখ ৮৫ হাজার ৯৮২ জন প্রতিবন্ধী বর্তমানে ভাতা পাচ্ছেন উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী জানান, প্রতিবন্ধীদের জন্য চলতি ২০১০-১১ অর্থবছরে ১০ কোটি ২৯ লাখ ৩১ হাজার ২'শ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আসমা জেরিন ঝুমুর এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, রাজধানীর আবাসন সমস্যা নিরসনকল্পে ঢাকা শহরের আশপাশে চারটি স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। এ স্যাটেলাইট শহর গড়ে তোলার কাজ শিগগির শুরু করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে বর্তমানে সাভার এলাকায় একটি স্যাটেলাইট টাউন গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে স্থান নির্বাচন করা হচ্ছে। মান্নান আরো জানান, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি এবং জনগনকে সম্পৃক্ত করে তাদের মতামতের ভিত্তিতে সরকার পর্যায়ক্রমে স্যাটেলাইট টাউন বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করবে এবং সরকারের প্রচলিত নীতিমালার ভিত্তিতে জমি অধিগ্রহণ করা হবে। মো. শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে আব্দুল মান্নান খান জানান, রাজধানীতে অবস্থিত মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, সংযুক্ত দপ্তর, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের বিপরীতে রাজস্ব খাতভূক্ত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা আনুমানিক তিন লাখ। বর্তমানে রাজধানী ঢাকায় মোট সরকারি কমকর্তা কর্মচারীদের প্রায় ১৩ হাজার জন অর্থাৎ ৪ দশমিক ৩২ শতাংশ সরকারি আবাসন সুবিধা ভোগ করছে। সকল সরকারি কর্মকর্তা কর্মচারিকে সরকারিভাবে আবাসন সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। খন্দকার আব্দুল বাতেনের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জাতীয় শিক্ষানীতির আলোকে দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে ৩৫টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সাধনা হালদারের প্রশ্নের উত্তরে নুরুল ইসলাম নাহিদ সংসদকে জানান, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশে মোট ৪ হাজার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। চলতি ২০১১-১২ অর্থবছরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য প্রত্যেক সংসদ সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে ৩টি করে বিদ্যালয়ের তালিকা জমা দিতে বলা হয়েছে। মোসাম্মাৎ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের মহিলাদের অগ্রগতির লক্ষে একাধিক মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের আছে। এরই ধারাবাহিকতায় সরকার বরিশাল ও সিলেট বিভাগীয় সদরে একটি করে মোট দু'টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন জানান, বিশ্ব ব্যাংক ২০০৮-২০০৯ ও ২০০৯-২০১০ অর্থবছরে মোট ৪০৮ কোটি ৪১ লাখ টাকা শিক্ষাখাতে অর্থায়ন করেছে। এই অর্থায়নে গৃহীত প্রকল্পগুলো হলো- দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী ও রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্প (রস্ক)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২১১৪ ঘ.