শরীয়তপুর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা গ্রামের শারমিন বেগম (২০) আইনি লড়াইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত সন্তানের পিতৃপরিচয় উদ্ধার করেছেন।
ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত হওয়ার পরও শারমিনের প্রেমিক একই গ্রামের হালান চৌধুরী (২৪) সন্তান ও তাকে অস্বীকার করেন। আদালতের নির্দেশে কারাবন্দি হন তিনি।
তবে শেষ পর্যন্ত মেনে নেন প্রেমিকা আর সন্তানকে। সমঝোতায় আসার পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে আদালতের নির্দেশে বিয়ে করেন শারমিনকে।
শরীয়তপুর মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. শফিকুর রহমান হালানের জামিন মঞ্জুর করে শারমিনের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করতে দুজনের অভিভাবক ও সংশ্লিষ্ট আইনজীবীদের নির্দেশ দেন।
এই নির্দেশের পর দুপুর ২টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তাদের বিয়ে পড়ানো হয়।
এ সময় বাদি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম, আসামি পক্ষের আইনজীবী মীর সাহাবুদ্দিন উজ্জ্বল, জেলা আইনজীবী সমিতির সভাপতি রাশিদুল হাসান মাসুম, সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
স্ত্রীর স্বীকৃতি পেয়ে শারমিন সাংবাদিকদের বলেন, "আদালতের মাধ্যমে আমি আমার সন্তানের পিতৃ পরিচয় ফিরে পেয়েছি। আমি ন্যায় বিচার পেয়েছি। অনেক ভালো লাগছে।"
তার আইনজীবী তাজুল ইসলাম বলেন, হালান চৌধুরী তার ঔরসজাত সন্তানের পিতৃত্ব অস্বীকার করায় শারমিন আদালতে মামলা করেন।
আদালত তাদের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়। পরীক্ষায় সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ায় উভয়পক্ষের আবেদনের পর হালান ও শারমিনের বিয়ে পড়ানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, কাঁচিকাটা ইউনিয়নের জলিল চৌধুরীর ছেলে হালান চৌধুরীর সঙ্গে একই গ্রামের কাদির ঢালীর মেয়ে শারমিন বেগমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিলো।
এক পর্যায়ে শারমিন গর্ভবতী হন। কিন্তু হালান চৌধুরী তাদের এই সম্পর্ক অস্বীকার করেন। শারমিন পুত্র সন্তানের মা হন। ছেলের নাম রাখেন খলিল চৌধুরী। বর্তমানে শিশুটির বয়স ১৮ মাস।
শারমিন সন্তানের পিতৃপরিচয় দাবি করে হালান চৌধুরীর বিরদ্ধে ২০০৯ সালের ১ মার্চ আদালতে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.
bdnews24