২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মান বাড়ালে পানির দাম বাড়াতে পারে ওয়াসা'

জীবাণু ও দুর্গন্ধমুক্ত সুপেয় পানি সরবরাহ করতে পারলে ওয়াসা পানির দাম বাড়াতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবাণু ও দুর্গন্ধমুক্ত সুপেয় পানি সরবরাহ করতে পারলে ওয়াসা পানির দাম বাড়াতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নিয়ে ওয়সার সব কার্যক্রম একটি নেটওয়ার্কের আওতায় আনারও পরামর্শ দিয়েছেন তারা। বৃহস্পতিবার সোনারগাঁ হোটেলে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (ওয়াসা) ও স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এ মত দেন। 'ভূ-পরিস্থ পানি ও ঢাকা ওয়াসার ভবিষ্যৎ' শীর্ষক বৈঠকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান, ভূ-গর্ভস্থ পানির স্তর প্রতি বছর দুই থেকে তিন মিটার নিচে নেমে যাচ্ছে। ওয়াসা প্রতিদিন ২১০ কোটি লিটার পানি সরবরাহ করছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৮৭ দশমিক ৭২ শতাংশ পানি ভূ-গর্ভস্থ এবং ১২ দশমিক ২৮ শতাংশ ভূ-উপরিভাগের। তবে রাজধানীর কত সংখ্যক মানুষ এই পানি ব্যবহার করছেন সে তথ্য ওয়াসার কাছেও নেই জানিয়ে তিনি বলেন, "এক কোটি ২২ লাখ না এক কোটি ৪০ লাখ মানুষ ওয়াসার পানি ব্যবহার করছেন তা আমরা নিশ্চত নই।" তিনি বলেন, ওয়াসা বর্তমানে ২৬৫ মিলিয়ন লিটার ভূ-উপরিভাগের পানি ব্যবহার করছে। আরো চারটি প্রকল্পের মাধ্যমে ১৬৬৫ মিলিয়ন লিটার ভূ-উপরিভাগের পানি সরবারহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য দশ হাজার ৮৫০ কোটি টাকা প্রয়োজন। প্রতি এক হাজার লিটার পানির জন্য ওয়াসা ছয় দশমিক ৩৪ টাকা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, বিশ্বের অন্য দেশের তুলনায় এটা অনেক কম দাম। এ কারণে ওয়াসার অনেক পানি অপচয় হচ্ছে বলে দাবি করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ওয়াসা পানির দাম বাড়াতে পারে, তবে এক্ষেত্রে গ্রহণযোগ্য যুক্তি ও পানির মান বাড়াতে হবে। তিনি বলেন, ১০-১৫ বছর মেয়াদী একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ, পানি দূষণ বন্ধ করা ও পানি ব্যবস্থাপনায় দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী ওয়াসার পানি বস্তিবাসিদের মধ্যে সুলভে পানি সরবারহের দাবি জানান। সেমিনারে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা, এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বজলুল হক খন্দকার প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০০৯ ঘ.