২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কারখানা সিলগালা, তিনজনের সাজা

প্রয়োজনীয় কাগজপত্র ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীর তিনটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রয়োজনীয় কাগজপত্র ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীর তিনটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুটি কারখানার মালিক ও একটির ব্যবস্থাপককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের অদূরে মারিয়া এলাকায় অবস্থিত ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) নগরীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম আবু তাহের মো. সাঈদ। আদালতকে সহায়তা করে দমকল ও পুলিশ। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, বিকাশ ফুড প্রডাক্ট, রহমান তুলা রিপিয়ারিং কারখানা ও মেসার্স হোসেন মিলস সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় বিকাশ ফুডের ব্যবস্থাপক মো. আবদুর রহমান, রহমান তুলা কারখানার মালিক শেখ কামাল ও মেসার্স হোসেন মিলস্'র মালিক দুলাল মিয়াকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম আবু তাহের মো. সাঈদ সাংবাদিকদের জানান, কারখানা তিনটিতে আগুন নেভানোর কোনে ব্যবস্থা নেই। যে কোনো সময় আগুন লেগে শ্রমিক মারা যাওয়াসহ জান মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে প্রয়োজনীয় সনদ না থাকায় আদালত তাদের কারা ও অর্থদণ্ড দিয়েছে বলে নির্বাহী হাকিম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.