ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় থাকা বাংলাদেশি নাগরিকদের জন্য যা কিছু প্রয়োজন করা হবে বলে জানিয়েছেন তথ্যতন্ত্রী আবুল কালাম আজাদ।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, "আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের নাগরিকদের জন্য যা যা করার তাই করা হবে।"
মাগুরা-১ আসনের সংসদ সদস্য সিরাজুল আকবরের এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির অনুপস্থিতিতে তার পক্ষে আবুল কালাম আজাদ এ কথা বলেন।
রাজনৈতিক সংস্কার ও সরকার পরিবর্তনের দাবিতে লিবিয়ায় গত বুধবার থেকে বিক্ষোভ চলছে। রাজধানী ত্রিপোলিসহ দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় মুয়াম্মার গাদ্দাফির সরকার তা কঠোরভাবে দমন করছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত সহিংসতায় আড়াইশর বেশি লোক নিহত হয়েছে।
বাংলাদেশে লিবীয় রাষ্ট্রদূত আহমেদ আতিয়া হামাদ আল-ইমানসহ বিভিন্ন দেশে লিবীয় কূটনীতিকরা ইতিমধ্যে পদত্যাগ বা সরকারের পক্ষত্যাগ করেছেন।
সংসদে তথ্যমন্ত্রী বলেন, লিবিয়ার ত্রিপলি এবং বেনগাজিতে অস্থিরতা বিরাজ করছে। তবে বেনগাজির পরিস্থিতি এখন ভালো।
এর আগে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নূরুজ্জামান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেখান থেকে দক্ষিণ কোরীয় কোম্পানি দাইয়ু, হুন্দাই ও ডঙ আহ তাদের বাংলাদেশিসহ অন্যান্য শ্রমিকদের মিশর সীমান্তে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিচ্ছে।
লিবিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীরা গত কয়েকদিনে শতাধিক বাংলাদেশিসহ তিনশরও বেশি বিদেশিকে জিম্মি করেছে বলে সোমবার খবর পাওয়া যায়। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে প্রায় ৩৫০ কিলো মিটার পূর্বে দারনা সিটিতে তাদের আটক রাখা হয়েছে বলে জিম্মি থাকা বাংলাদেশি নাগরিক শফিউদ্দিন বিশ্বাসের ভাই জিন্নাত আলী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তবে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, লিবিয়ায় কোনো বাংলাদেশিকে জিম্মি করার বা হতাহতের কোনো তথ্য তাদের কাছে নেই। তবে প্রয়োজন হলে সেখান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, লিবিয়ায় বাংলাদেশী কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/পিডি/২১২৮ ঘ.
bdnews24