ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে চার পুলিশসহ ১৫ জন আহত হয়েছে।
বুধবার সকালে উপজেলা ডাক বাংলো চত্বরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
আহতদের মধ্যে পাঁচ জনকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন আগে সফিকুল ইসলামকে আহ্বায়ক করে পৌর কমিটি গঠন করা হয়। এ কমিটিকে অভিনন্দন জানিয়ে সকালে আনন্দ মিছিল করতে চাইলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়।
ওই সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে তিনি জানান।
আহতরা হলেন- পুলিশের এসআই হারুনূর রশিদ, সাদেকুল ইসলাম, আবদুল কাদের, এএসআই আশরাফুল ইসলাম, পৌর কমিটির আহ্বায়ক সফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নূরে আলম, রফিকুল ইসলাম, পথচারী নান্নু মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪২০ ঘ.
bdnews24