ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও ও বরিশালে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে রয়েছে সিরাজগঞ্জে দু'জন এবং অপর দুই জেলায় একজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় নিহতরা হলেন- রাজমিস্ত্রি আলহাজ (১৭) এবং মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব (৬০)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া কাওয়াক মোড়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মারা যান রাজমিস্ত্রি আলহাজ।
তিনি উল্লাপাড়া উপজেলার কালিয়াপাড়া গ্রামের সায়েম উদ্দিনের ছেলে।
রায়গঞ্জ থানার পরিদর্শক শামসুল হক বলেন, সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের উপজেলার ষোল মাইল এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় নিহত হন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব।
তিনি রায়গঞ্জ উপজেলার হাসিল হোসেন গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও: বিকাল ৫টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে সদর উপজেলার বড় খোচাবাড়ি এলাকায় পিক আপের ধাক্কায় নিহত হন বৃদ্ধা মনেশ্বরী (৬৫)।
তিনি সদর উপজেলার নারগুন গ্রামের বাসিন্দা।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী বলেন, রাস্তা পার হওয়ার সময় মনেশ্বরীর মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বরিশাল: সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুরের শানুহারে বাস চাপায় নিহত হয়েছে স্কুলছাত্রী সাদিয়া আক্তার (৯)।
সাদিয়া শানুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়
শ্রেণীর ছাত্রী। সে ওই এলাকার মোশারেফ শিকদারের মেয়ে।
মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন বলেন, সকাল সাড়ে ১০টায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে সাদিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৯ ঘ.
bdnews24