সিলেট, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের উন্নয়নে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পার্লামন্টে সদস্য টবিয়াস এলউড।
বিশেষ করে সিলেটের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং সিলেটের পর্যটন শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে এই শিল্পকে বিকশিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে তিনি।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরভবনে সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে টবিয়াস এ কথা বলেন।
সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিলেট নগরীর যানজটের কথা উল্লেখ করে টবিয়াস বলেছেন, প্রয়োজনে ব্রিটেনের বিশেষজ্ঞ দল এসে সিলেটের যানজট নিরসনে কাজ করবে। তিনি এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জবাবে মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ব্রিটিশ এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এক্ষেত্রে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষতের সময় উপস্থিত ছিলেন, কনজারভেটিভ পার্টির অন্যতম নেতা জেমস এন্ডারসন এবং কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান (পলিটিক্যাল) মেহফুজ আহমদ, সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
বিশ্বনাথ-বালাগঞ্জ পরিদর্শন
ব্রিটিশ এমপি টবিয়াস এলিউড মঙ্গলবার দিনব্যাপী সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামপাশা ইউনিয়নের আমতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এই উপজেলার অনেক মানুষ বিদেশে থাকেন।
দুপুরে ব্রিটিশ এমপি বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্সে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
পরে তিনি বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদিত্যপুর গণকবর পরিদর্শন করেন। তিনি গণকবর ও উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
পরে তিনি বালাগঞ্জ উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24