চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোতয়ালী থানার নন্দনকানন ও জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি এলজির গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাত্তার শাহ ওরফে ডিপজল (৩২), মো. মনির (২৬), মো. সেলিম (২৪), মো. হাসান (২১) ও মো. কামাল ওরফে বার্মা কামাল (২০)। পুলিশ বলছে, এদের মধ্যে সাত্তার এই ডাকাত দলের সর্দার।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় নন্দনকানন টিএন্ডটি কার্যালয়ের সামনে সাত্তারের নেতৃত্বে ১১/১২ জন ডাকাত সশস্ত্র অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর জেল রোড থেকে কামালকে গ্রেপ্তার করা হয়।
সদীপ দাশ বলেন, "গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা নগরীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।"
সাত্তার ওরফে ডিপজলের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে খুলশী, চান্দগাঁও, রাউজান ও পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/জেকে/১৫০০ ঘ.
bdnews24