২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় জিম্মিরা ভালো আছে: মন্ত্রী

লিবিয়ায় বিক্ষোভকারীদের হাতে জিম্মি বাংলাদেশিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেনি সরকার। তবে 'অসমর্থিত সূত্রের' বরাত দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জিম্মি বাংলাদেশিরা ভালো আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় বিক্ষোভকারীদের হাতে জিম্মি বাংলাদেশি নাগরিকদের সঙ্গে মঙ্গলবার দুপুর পর্যন্ত যোগাযোগ করতে পারেনি বাংলাদেশ সরকার কিংবা স্থানীয় বাংলাদেশি দূতাবাস। তবে 'অসমর্থিত সূত্রের' বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জিম্মি বাংলাদেশিরা ভালো আছেন বলে জানতে পেরেছেন তারা। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে "জিম্মি কর্মীদের সঙ্গে অনেকবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়েছে। এখনো তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আমরা এখনো যোগাযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছি।" "তবে বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে যতটুকু খবর পাওয়া গেছে, তাতে তারা ভাল আছেন। তাদের বেনগাজির একটি কমিউনিটি সেন্টারে আটকে রাখা হয়েছে। তাদের সঙ্গে ভাল আচরণ করা হচ্ছে," যোগ করেন তিনি। মন্ত্রী বলেন, " আমরা লিবিয়ায় এই বাংলাদেশি কর্মীদের নিয়োগদাতা কোম্পানিগুলোর সঙ্গে কথা বলেছি। বাংলাদেশি কর্মীদের উদ্ধার এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে তাদেরকে অনুরোধ করেছি। তারাও এ জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।" লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসে এ সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে মোশাররফ হোসেন জানান। এদিকে জিম্ম হওয়া বাংলাদেশি নাগরিক শফিউদ্দিন বিশ্বাসের ভাই জিন্নাত আলী বিশ্বাস মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যতোটা জানতে পেরেছি, অবস্থা আগের মতোই রয়েছে। আজ তাদের কেবল একটি করে রুটি খেতে দেওয়া হয়েছে। কিন্তু তারা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কেউ তাদের সহযোগিতা করছে না।" লিবিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীরা গত কয়েকদিনে তিনশ'র বেশি বিদেশিকে জিম্মি করেছে, যার মধ্যে শতাধিক বাংলাদেশি রয়েছেন। লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে প্রায় ৩৫০ কিলো মিটার পূর্বে দারনা সিটিতে তাদের আটক রাখা হয়েছে বলে জিম্মি থাকা এক বাংলাদেশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। জিম্মিদের একজন মানিকগঞ্জ জেলার শফিউদ্দিন বিশ্বাস সোমবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত শুক্রবার বিকালে ৩০/৪০ জন সশস্ত্র ব্যক্তি আমাদের ক্যাম্প অফিস থেকে জিম্মি করে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি মসজিদে নিয়ে যায়। পরের দিন স্থান পরিবর্তন করে পাশের দুটি কমিউনিটি সেন্টারে আমাদের আনা হয়েছে।" জিম্মিরা দক্ষিণ কোরিয়ার একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও কোরিয়া, নেপাল ও শ্রীলংকার নাগরিক রয়েছেন বলে জানান শফিউদ্দিন। তার ধারণা, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করতেই বিদেশিদের আটক করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "সার্বিক পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আশাব্যঞ্জক কোনো খবরও নেই।" লিবিয়ায় বাংলাদেশি ১৫ কর্মীর আহত হওয়ার বিষয়টি 'অসমর্থিত সূত্রের খবর' বলে দাবি করে মন্ত্রী বলেন, "এখনো এর কোনো সত্যতা পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদপত্রে এ ধরনের খবর পাওয়া যাচ্ছে। আমরা এসব তথ্যের সত্যতা যাচাই ও কর্মীদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে যাচ্ছি।" দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স সোমবার জানায়, লিবিয়ায় সশস্ত্র হামলায় ১৫ বাংলাদেশিসহ ১৮ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের বাকি তিনজন কোরিয়ার নাগরিক। আটক বাংলাদেশি কর্মীদের উদ্ধারে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে কি না- এ প্রশ্নের জবাবের খন্দকার মোশাররফ হোসেন বলেন, "পরিস্থিতি এখনো তেমন পর্যায়ে পৌঁছেনি। আমাদের কর্মীরা সেখানে নিরাপদে আছে। তবে তেমন কোনো পরিস্থিতির উদ্ভব হলে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তা চাওয়া হবে।" মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে জনশক্তি রপ্তানিতে কোনো প্রভাব পড়ছে না বলেও দাবি করেন মন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে কর্মরত শ্রম শাখার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক সংস্কারের দাবিতে লিবিয়ায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ রাজধানী ত্রিপোলিতে ছড়িয়ে পড়লে মুয়াম্মার গাদ্দাফির সরকার কঠোরভাবে তা দমন করছে। বুধবার বিক্ষোভ শুরুর পর সহিংসতায় দুই শতাধিক লোক নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি। অবশ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, লিবিয়ায় বাংলাদেশী কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিসি/জেকে/১৪১৪ ঘ.