২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রহরে চট্টগ্রামে মানুষের ঢল

একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 07:53 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। আগে থেকেই শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সাধারণ মানুষ ভিড় করে। ১২টা এক মিনিটে প্রথমেই ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। এরপর একে একে শহীদ মিনারে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলম ও ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, সাংসদ ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর নেতৃত্বে নগর আওয়ামী লীগ, সহ-সভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে নগর বিএনপি, জাতীয় পাটি ফুল দেয় শহীদ মিনারে। তবে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রতিবছর শহীদ মিনারে গেলেও এবারে আসেননি। এছাড়া ওয়ার্কার্স পার্টি, সিপিবি, জাসদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এদিকে, প্রথম প্রহরের পূর্বে নিয়ম বর্হিভূতভাবে উল্টোপথ দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা নিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের। রাত পৌনে ১২টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগরের কমান্ডার মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে সংসদ নেতৃবৃন্দ পশ্চিম পাশের রাইফেল ক্লাব দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের সঙ্গে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার তানভীর আরাফাত ও অন্য পুলিশ সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এ সময় তারা ফুল না দিয়ে পুলিশদের বিরুদ্ধে শ্লোগাণ দিয়ে মিছিল করে শহীদ মিনার ত্যাগ করতে উদ্যত হলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শহীদ মিনারের পূর্ব পাশ নগরীর সিনেমা প্যালেস দিয়ে প্রবেশ এবং পশ্চিম পাশ রাইফেল ক্লাবের মোড় দিয়ে প্রস্থানের নিয়ম রয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কয়েকবছর আগে থেকেই রাইফেল ক্লাব হয়েই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাই। এবারেও ফুল দিতে যাবার সময় পুলিশ সদস্যরা অন্যপথ দিয়ে যেতে বলে এবং আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০১৩৮ ঘ.