২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আ'লীগের একুশের পৃথক কর্মসূচি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবারো পৃথক কর্মসূচি পালন করেছে নগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবারো পৃথক কর্মসূচি পালন করেছে নগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ। রোববার বিকালে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে 'মহাজোট, চট্টগ্রাম'র ব্যানারে আলোচনা সভা করে। এর অদূরেই লালদীঘির পাড়ে জেলা পরিষদ চত্বরে নগর আওয়ামী লীগের ব্যানারে 'গণ জমায়েত' করে মহিউদ্দিনবিরোধী নেতারা। চট্টগ্রাম আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে দলের সাধারণ সম্পাদকের ক্ষোভ প্রকাশের মাত্র নয়দিনের মাথায় তারা পৃথক কর্মসূচি পালন করলো। মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক গণ পরিষদ সদস্য বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া। এতে বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও এম এ রশিদ, শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান ও নগর ছাত্রলীগ সভাপতি এম আর আজিম। মহাজোটের শরিকদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ও ন্যাপ নেতা আলী আহমেদ নাজির। অন্যদিকে, জেলা পরিষদ চত্বরের মহিউদ্দিন বিরোধীদের সমাবেশে সভাপতিত্ব করেন নগর কমিটির সহ-সভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী আফসারুল আমীন, সিডিএ চেয়ারম্যান ও নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/এইচএ/২৩২০ ঘ.