২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলরের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বরগুনার আমতলী পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

বরগুনা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বরগুনার আমতলী পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে। আহত অবস্থায় তানিয়া আক্তার নামের এই গৃহবধূ এখন বরগুনা সদর হাসপাতালে কাতরাচ্ছেন। তার স্বামী আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ফরহাদ হোসেন। তানিয়া ও তার স্বজনরা অভিযোগ করেন ফরহাদ হোসেন তাকে মারধর ও লোহার রড গরম করে হাতে ছ্যাঁকা দিয়েছেন। এছাড়া গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার ভয় দেখিয়ে সাদা স্ট্যাম্পে সই নিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফরহাদ হোসেন। আমতলী থানার ওসি শামসুল হক বলেছেন, তারা এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রোববার বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, তানিয়া আক্তার বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। পাশে বসে আছেন তার মা জেসমিন বেগম। তানিয়া ব্যথায় নড়াচড়া করতে পারছেন না। হাতের পোড়া ক্ষত দেখিয়ে তাকে নির্যাতনের বর্নণা দেন তিনি। আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামের আবুল হাসান মীরের মেয়ে তানিয়া জানান, মাত্র চার মাস আগে ফরহাদ হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তিনি এবার আমতলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেবেন। স্বামীকে নির্বাচনের জেতানোর জন্য তিনি ও তার পরিবার অনেক পরিশ্রম ও সহায়তা করেছে। কাউন্সিলর নির্বাচিত হয়েই ফরহাদ তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। এছাড়া একটি মটরসাইকেল ও ফ্রিজ দেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন তিনি। তানিয়া অভিযোগ করেন, ফরহাদ তার পুরনো প্রেমিকাকে বিয়ে করার কৌশল হিসেবেই তাকে নির্যাতন করছেন। গত ১৫ ফেব্র"য়ারি তাকে নির্যাতন করা হয়। রাতে আবারো মারধর করে বাড়ি থেকে বের করে দেন ফরহাদ। অচেতন অবস্থায় পরদিন সকালে প্রতিবেশী মমতাজ বেগম তাকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকালে তাকে বরগুনা সদর হাসপাতালে পাঠান। তানিয়ার বাবা আবুল হাসান মীর জানান, বিয়ের পর তিনি ফরহাদকে স্বর্ণের চেইন ও আংটি এবং মেয়েকে স্বর্ণের চেইন, কানের দুলসহ উপহার সামগ্রী দিয়েছেন। তিনি আরো জানান, পৌর নির্বাচনের সময়ে ফরহাদকে এক লাখ ২০ হাজার টাকা, এক বস্তা চিনি ও ২০ কার্টুন বিস্কুট দিয়েছেন। তানিয়ার মা জেসমিন বেগম জানান, তাদের পক্ষে আর কোনো যৌতুক দেওয়া সম্ভব নয়। তিনি তার মেয়েকে নির্যাতনের বিচার দাবি করছেন। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবদুস সালাম জানান, সঠিকভাবে তানিয়ার চিকিৎসা চলছে। হাতের পোড়া ঘা শুকাতে একটু সময় লাগবে। তবে ভয়ের কিছু নেই। তিনি সুস্থ হয়ে পরীক্ষা দিতে পারবেন। পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি তার স্ত্রীর কাছে কোনো যৌতুক দাবি করেননি। তাকে মারধরও করেননি। তাহলে তার স্ত্রী কীভাবে আহত হলেন- জানতে চাইলে এই কাউন্সিলর কোনো উত্তর দেননি। ফরহাদ বলেন, বিয়ের আগে তার সঙ্গে একজনের প্রেমের সম্পর্ক ছিলো। এখন আর তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩০ ঘ.