সাতক্ষীরা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘকে পাঁচঘণ্টা পর ফেরত পাঠিয়েছে বনকর্মীরা।
এর আগে ওই রয়েল বেঙ্গল টাইগার চারজনকে আহত করে।
শনিবার রাত ৯টায় বাঘটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মথুরাপুর সাধু পাড়ায় ঢোকে। ওষুধ প্রয়োগে অচেতন করে বন বিভাগের কর্মীরা বাঘটিকে রাত ২টায় সুন্দরবনের দোঁবেকি এলাকায় ছেড়ে দিয়ে আসে।
আহত বনকর্মী আমজাদ হোসেন সুমন (৩৫), আব্দুস সেলিম (৩৮), মথুরাপুর গ্রামের ফজলুর রহমান (৩৫) ও হাফিজুর রহমানকে (৪৫) শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে বাঘ আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে।
বনকর্মীরা জানান, সুন্দরবন থেকে চুনকুড়ি নদী পার হয়ে বাঘটি মথুরাপুর সাধুপাড়ায় ঢোকে।
এরপর গ্রামবাসীরা পটকা ফোটালে বাঘটি একটি ঝোপের মধ্যে ঢুকে পড়ে।
খবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের বনরক্ষীরা সেখানে যায়। তারা মসজিদের মাইক ও মোবাইল ফোনে গ্রামবাসীদের সতর্ক করে। গ্রামবাসীরা নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তৌফিকুল ইসলাম বলেন, বাঘটির বয়স ১২/১৩ বছর। বৃদ্ধ হয়ে পড়ায় হরিণ শিকারের লক্ষ্যে লোকালয়ে ঢুকে পড়েছিল।
সুস্থ অবস্থায় বাঘটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় বন বিভাগের টহল বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.
bdnews24