২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিন পর লাশ তুলে ময়নাতদন্ত

দাফনের তিনদিন পর ময়নাতদন্তের জন্য লাশ তোলা হয়েছে শরীয়তপুর সদর উপজেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

শরীয়তপুর, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাফনের তিনদিন পর ময়নাতদন্তের জন্য লাশ তোলা হয়েছে শরীয়তপুর সদর উপজেলায়। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরসন্ধি গ্রামের রুবিনা আক্তার (১৫) আত্মহত্যা করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবি আবদুল্লাহর নির্দেশে রোববার বিকালে লাশ তুলে শরীয়তপুর সদর হাসপতাল মর্গে পাঠানো হয়। এদিকে রুবিনার মৃত্যুর ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নিহত রুবিনার মা ছকেনা বেগম ও এলাকাবাসী জানান, প্রতিবেশী ফরিদ সরদারের ছেলে রাসেল সরদারের সঙ্গে দীর্ঘদিন ধরে রুবিনা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্কের কথা জানার পর বৃহস্পতিবার রাসেলের মা রুবিনাকে বকাঝকা করেন। এ কারণে রুবিনা শুক্রবার নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তার পরিবারের অভিযোগ। ময়নাতদন্ত ছাড়াই রুবিনার লাশ দাফন করে পরিবারের লোকজন। শনিবার রুবিনার ভাই মনির হোসেন সরদার বাদী হয়ে পালং থানায় রাসেল সরদার, রাসেলের চাচা নিজাম সরদার, মা নাছিমা বেগম ও বাবা ফরিদ সরদারকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের প্রয়োজনে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল সালামের উপস্থিতিতে লাশ তোলা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাসেলের মা নাসিমা বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী মনির হোসেন সরদার বলেন, রাসেল তার বোনকে সবসময় উত্ত্যক্ত করতো। তাদের পরিবারের মানসিক নির্যাতনে রুবিনার মৃত্যু হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বুলবুল বলেন, রুবিনাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ এবং প্রশাসনকে না জানিয়ে লাশ দাফন করায় ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়। পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, আদালতের নির্দেশে আমরা লাশ উত্তোলন করে ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করার জন্য হাসপাতালে পাঠিয়েছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.