২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

বরিশাল নগরীতে এক পুলিশ সদস্যের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

বরিশাল, ২০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে এক পুলিশ সদস্যের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নগরীর আলেকান্দা রোড এলাকার সিএন্ডবি কোয়াটারের দ্বিতীয় তলায় বরগুনা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শকের (এসআই) বাসা থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় রাবেয়া বসরীর (১৮) লাশ উদ্ধার করা হয়। রাবেয়া খুলনার রূপসার উপজেলার ভাঙ্গা গ্রামের শেখ মোসাদ্দেক আলীর মেয়ে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা রাবেয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুললেও পুলিশ বলছে রাবেয়া আত্মহত্যা করেছে। স্থানীয়রা জানায়, এসআই শেখ বেল্লার হোসেন বরগুনা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি হয়েছেন। তার স্ত্রী নাদিরা আক্তার বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স। গৃহকর্মী রাবেয়াকে তারা প্রায়ই মারধর করতেন এবং বাসা থেকে বের হতে দিতেন না বলে স্থানীয়রা অভিযোগ করেছে। তাদের ধারণা, রাবেয়া শারীরিক নির্যাতনে মারা গেছে। পরে তাকে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে পুলিশ। শারীরিক নির্যাতনে মারা যাওয়ার বিষয়টি নাকচ করে কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ বলেন, রাবেয়া ওই বাসায় থাকতে চাইতো না। বাসার কর্তা ও কর্ত্রী উভয়ে চাকরিজীবি হওয়ায় তাকে গ্রামের বাড়ি পাঠাতে পারেনি। এ কারণে সে রাগ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি বলেন, রাবেয়ার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে কোতয়ালি মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, রাবেয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তে হত্যার প্রমাণ পাওয়া গেলে হত্যা মামলা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯০৬ ঘ.