২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটভাটা থেকে 'বন্দি' শ্রমিক উদ্ধার

ঝালকাঠি পৌর বিএনপি সভাপতির 'ইটভাটায় আটকে রাখা' এক শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 07:12 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

বরিশাল, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠি পৌর বিএনপি সভাপতির 'ইটভাটায় আটকে রাখা' এক শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ঝালকাঠির বাউকাঠি এলাকার স্টার ব্রিকস নামের ইটভাটা অফিস থেকে ইবাদুল সরদার (৩৩) নামের ওই শ্রমিককে উদ্ধার করা হয়। ইবাদুল সরদার সাতক্ষীরা সদর উপজেলার জোরদিয়া গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে। তবে স্টার ব্রিকস ইটভাটার মালিক অনাদি দাস এ অভিযোগ অস্বীকার করেছেন। ইবাদুল সরদার সাতক্ষীরার সাংবাদিকদের কাছে মোবাইল ফোনে তাকে আটকে রেখে নির্যাতন করার কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি কামরুল হাসান জানান, শনিবার সন্ধ্যায় বন্দি অন্য শ্রমিকদের সহায়তায় মোবাইল ফোনে ইবাদুল তাকে আটকে নির্যাতন করার কথা জানিয়ে উদ্ধারে অনুরোধ জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন মাস আগে সাতক্ষীরা সদরের বিভিন্ন গ্রামের ১৯ জন শ্রমিককে নিয়ে ইবাদুল সরদার ঝালকাঠিতে ইট ভাটায় কাজ করতে যায়। সেখানে অনাদি দাসের স্টার ব্রিকস নামের ইট ভাটায় আড়াই মাস কাজ করে বাড়ি চলে যান। এরপর গত বৃহস্পতিবার ইবাদুল সরদার আরো ৫/৬ জন শ্রমিক নিয়ে অপর একটি ইট ভাটায় কাজ করার জন্য বরিশাল যাচ্ছিলেন। তাদের বহনকারী বাসটি ঝালকাঠি পৌঁছলে পৌর বিএনপি'র সভাপতি ও মেয়র পদপ্রার্থী অনাদি দাস বাস থেকে ইবাদুল সরদারকে নামিয়ে নিয়ে তার ইট ভাটার অফিস কক্ষে আটকে রাখেন। ওই সময় ইবাদুলকে মারধরও করা হয়। এরপরও তার ওপর নির্যাতন চালানো হয় বলে ইবাদুল অভিযোগ করেন। আটকের পর থেকে তাকে দিনে একবার করে খেতে দেওয়া হয় বলে জানান ইবাদুল। এ খবর সাংবাদিকরা ঝালকাঠি পুলিশকে জানান। ঝালকাঠি থানার ওসি মো. আকতারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ইটভাটা থেকে ইবাদুলকে থানায় নিয়ে আসে। তবে ইবাদুলকে আটকে নির্যাতন করা হয়নি বলে পুলিশ কর্মকর্তা দাবি করেন। তিনি বলেন, ইবাদুল যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য 'নজরবন্দি' রাখা হয়েছিল। পুলিশ কর্মকর্তা বলেন, "অগ্রিম টাকা নিয়ে চুক্তি মোতাবেক ইবাদুল শ্রমিক নিয়ে আসেনি। এরপর তিনি সাতক্ষীরা যেতে চাইলে ভাটা মালিক তাকে যেতে না দিয়ে নজরবন্দি করে রাখেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫১ ঘ.