২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে শনিবার সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে শনিবার সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি জানান, বাহুবলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ শাহিনুর ইসলাম সোহেল ট্রাক চাপায় নিহত হলে বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ট্রাকে আগুন দেয়। শনিবার দুপুর ১টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের শেওরাতলায় ঢাকা-সিলেট মহাসড়কে মোটর সাইকেল আরোহী শাহিনুর ইসলাম সোহেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। পুটিজুরি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুদ্দত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে সোহেল। সে বাড়ি থেকে পুটিজুরি যাচ্ছিল।" আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুর ২টার দিকে সোহেলের মৃত্যু হয়। মুদ্দত আলী জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। তারা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক-মোটর সাইকেল সংর্ঘষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মো. আক্কাস মিয়া (৪০) শহরের পৈরতলা এলাকার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক মাহফুজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বাইপাস পুনিয়াউট লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শহরের কাউতলী থেকে পৈরতলা যাচ্ছিলেন আক্কাস।" তিনি জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার সকালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহত মো. মনসুর (২৪) বাসের চালকের সহকারী। তার বাড়ি ফাজিলপুরের শিবপুরে। সকাল ১০টার দিকে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরে লাতু মিয়া সড়কের মাথায় চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। মহিপাল হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মো. জয়নাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের হেলপার মনসুর মারা যায়।" আহতরা হলেন- বাসের সুপারভাইজার মো. শাখাওয়াত (৩০), বাসযাত্রী নুর নবী (২৬), মো. সোলায়মান (২৭), আব্দুল মোতালেব (১৮), ওমর ফারুক (২৬), মতিউর রহমান (৪৫), রুবিনা পারভীন (৩৩), অপূর্ব (১২), অনন্যা (৮), ট্রাকচালক মো. খোকন (৩০)। আহতদের ফেনী সদর হাসপাতাল ও একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কিউএইচ/জেবি/জেকে/২১৫৫ ঘ.