শফিকুল ইসলাম মিলটন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সড়কগুলো শনিবার দুপুরের পর থেকে প্রায় ফাঁকা। নেই প্রতিদিনের যানজট।
শনিবার দুপুর আড়াইটায় বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ভারতের উদ্বোধনী খেলা। এই খেলা দেখতে রাজধানীবাসীর চেষ্টা ছিল ওই সময়ের আগে ঘরে পৌঁছানোর।
অটোরিক্সাচালক মো. ইয়াছিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আট বছর ধরে ঢাকা শহরে সিএনজি চালাই। কিন্তু হরতালের দিন ছাড়া কখনও রাস্তা এত ফাকা দেখিনি। হরতালের দিন একটা ভয় থাকে আজ সেই ভয় নেই, সবার মনে আজ বাংলাদেশের খেলা দেখার আনন্দ।"
আরেএক অটোরিক্সাচালক আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ আমি ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মিরপুর-১ থেকে মহাখালী চলে এসেছি। অন্য দিন এই রাস্তা আসতে দুই ঘণ্টারও বেশি সময় লেগে যায়।"
মোটর সাইকেল চালক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা শহরে মোটর সাইকেল চালিয়ে মজা পাওয়া যায় না। কিছুক্ষণ পর পর দাড়াতে হয়। কখনও কখনও ফুটপাতে তুলে দিতে হয় কিন্তু আজ উত্তরা থেকে শাহবাগ আসতে একবার মাত্র দাঁড়াতে হয়েছে সিগনালের কারণে। তাও গাড়ির বেশি চাপ ছিল না বলে এক মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে।"
সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সড়কে যানবাহনের তেমন চাপ নেই।
বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শনিবার বেলা আড়াইটায় বাংলাদেশ-ভারতের খেলা দিয়ে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট। দুপুর পৌনে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে মাঠে ঢোকে বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা।
বিশ্বকাপের প্রথম খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই লোকে লোকারণ্য ছিলো মিরপুর ২ নম্বরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২১০৩ ঘ.
bdnews24