কুমিল্লা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষের পাঁচ ঘণ্টার ব্যবধানে কুমিল্লায়ও একই ধরনের দুর্ঘটনায় অন্তত সাত জন নিহত হয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল লেভেল ক্রসিংয়ে শনিবার সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে ভোর সোয়া ৫টার দিকে যশোরে রাজারহাট লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে চার জন নিহত হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি জহিরুল হক সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের সঙ্গে একটি লোকাল বাসের সংঘর্ষ হয়। এতে সাত জন ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
খন্দকার সোহেল কাশেম নামে এক জন ট্রেনযাত্রী কুমিল্লা স্টেশনে সাংবাদিকদের বলেন, বাসটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় এর পেছনের অংশের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে পড়ে।
লাফিয়ে বের হতে গিয়ে বাসের কয়েকজন যাত্রী আহত হন বলে তিনি জানান।
এ দুর্ঘটনার বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৫ ঘ.
bdnews24