ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাপ্তাহিক ছুটির দিন আর একুশের বইমেলা জমে উঠা যেন সমার্থক হয়ে গেছে। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে বৃহস্পতিবার মেলায় দর্শনার্থীদের ভিড় কম থাকলেও শুক্রবার বইমেলা তার চিরচেনা রূপ ফিরে পায়।
এদিন মেলা প্রাঙ্গণ আর এর আশপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য। প্রতিটি স্টলের সামনে বইপ্রেমীদের জটলার কারণে হাটতে কষ্ট হচ্ছিল সবার।
কিন্তু দমে যাননি কেউই। এ জটলা ভেদ করে স্টলে স্টলে ঘুরে বেরিয়েছেন তারা, কিনেছেন পছন্দের বইটি।
ক্রেতা সামলাতে হিমশিম খেতে হয় বিক্রয় সহযোগীদেরও।
এদিন অমর একুশে গ্রন্থমেলার গেট খোলা হয় সকাল ১১টায়। সকালে মেলা প্রাঙ্গণ কিছুটা ফাঁকা থাকলেও বিকেলে মানুষের ঢল নামে। দুইপাশের প্রবেশমুখে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মেলায় ঢুকতে হয় দর্শনার্থীদের।
শুক্রবার বিক্রি ভালো হওয়ায় আগের দিনের কম বিক্রির কোনো আক্ষেপ থাকেনি বিক্রেতা আর প্রকাশকদের মধ্যে।
পারিজাত প্রকাশনীর স্বত্বাধিকারী শওকত হোসেন লিটু বলেন, "বৃহস্পতিবার বিক্রি কম হলেও আজকের (শুক্রবার) বিক্রিতে তা পুষিয়ে গেছে। এবার আমরা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও বাংলাদেশ-ভারত ম্যাচ- এ দুটি দিন বাদ দিয়ে হিসেব করেছি।"
এদিকে অষ্টাদশ দিনে মেলায় আরো ১৬৪টি নতুন বই এসেছে। আর নজরুল মঞ্চে রেকর্ড ৩৮টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বাংলা একাডেমীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে গল্পগ্রন্থ ২৮টি, উপন্যাস ২১টি, প্রবন্ধ ১০টি, কবিতার বই ৩৩টি, গবেষণাগ্রন্থ ৬টি, ছড়ার বই ৩টি, শিশুতোষ গ্রন্থ ৫টি, জীবনী ও স্মৃতিচারণমূলক গ্রন্থ ৩টি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক ৯টি, ভ্রমণ কাহিনী ৫টি, ইতিহাস বিষয়ক ৫টি, স্বাস্থ্য বিষয়ক ২টি, রম্য ও ধাঁধা বিষয়ক ৯টি, সায়েন্স ফিকশন ও গোয়েন্দাকাহিনী ৫টি।
কবি আলিম ধ্র"ব'র কবিতার বই 'চিত্রপট' এর মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ইসরাত জাহান সান্ত্বনার 'ওরা কয়েকজন' গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অধ্যাপক ড. আনিসুজ্জামান।
এছাড়া মোড়ক উন্মোচন করা হয়- হাবীব আহসানের 'গান বাজনার সমঝদারি', মাসুদ পথিকের 'ধান চোর', ফারজানা রুম্পার 'সত্যি তবু কাল্পনিক' ও জাহানারা তোফায়েলের 'আমি গিয়েছি বরফ ঢাকা সেই কাশ্মিরে'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২১৬ ঘ.
bdnews24