রাঙামাটি, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির কুতুকছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে পার্বত্য শান্তিচুক্তি বিরোধী পাহাড়িদের একটি সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
শুক্রবার সকালের দিকে এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
লংগদু উপজেলায় বৃহস্পতিবার পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর নেতাকর্মীরা বিক্ষোভ-মিছিল বের করলে সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।
ইউপিডিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, লংগদুর অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে তারা।
বসতি স্থাপনকারী এক বাঙালির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে লংগদুর রাংগিড়াপাড়া ও রাজনগর এলাকায় পাহাড়ি-বাঙালি সহিংসতার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২২টি বাড়িতে আগুন দেওয়া হয়।
শুক্রবার নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বাী সাংবাদিকদের জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় শুক্রবার লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভা হয়েছে।
সভায় পরবর্তী সময় আর যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা না ঘটে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনা তদন্তে একটি কমিটিও করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালের দিকে কুতুকছড়ি বাজার মাঠে ইউপিডিএফ সমর্থিত সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামসহ কয়েকটি সংগঠন সমাবেশ করে।
সমাবেশ শেষে তারা একটি মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করার সময় আনসার সদস্যরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বিপাশা চাকমা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে।
ইউপিডিএফের রাঙামাটি শাখার নেতা মিঠুন চাকমা অভিযোগ করেছেন, বিনা উস্কানিতে তাদের মিছিলে হামলা চালানো হয়েছে। এতে তাদের অনন্ত ১০ জন আহত হয়।
কুতুকছড়িতে অবস্থিত ইউপিডিএফ'র জেলা কার্যালয় ভাংচুর ও পাহাড়িদের দোকানে ব্যাপক লুটপাটও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তবে আনসার বাহিনী অভিযোগ অস্বীকার করে বলেছে, মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে তারাও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়।
ইটের আঘাতে পাঁচ আনসার সদস্যও আহত হয় বলে আনসার সদস্যরা দাবি করেন।
এদিকে, লংগদুর সহিংসতার ঘটনায় শান্তিচুক্তির পক্ষের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি শুক্রবার রাঙামাটি শহরে বিক্ষোভ-মিছিল সমাবেশ করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন- জনসংহতির নেতা শক্তিপদ ত্রিপুরা, মঙ্গল কুমার চাকমা, বোধিসত্ব চাকমা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24