চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙ্গর করা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার সৌরভের প্রপেলারের ধাক্কায় এক শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ শ্রমিকের নাম আসকার আলী (৪০)।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পতেঙ্গা থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কয়েকজন শ্রমিক এমভি বাংলার সৌরভের প্রপেলারে আটকে যাওয়া জাল খোলার সময় হঠাৎ প্রপেলার চালু হয়ে যায়। এ সময় প্রপেলারের ধাক্কায় আসকার আলী নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
ডলফিন জেটি এলাকার নৌকার মাঝি আইয়ুব আলী সাংবাদিকদের বলেন, পাঁচ জন শ্রমিক প্রপেলারে আটকে যাওয়া জাল খোলার কাজ করছিলেন। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই প্রপেলার চালু হয়ে যায়। এতে প্রপেলারের ধাক্কায় একজন শ্রমিক নদীতে পড়ে গিয়ে হারিয়ে যায়।
ওসি জানান, নিখোঁজ শ্রমিককে উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি দল কাজ করছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক মোকসেমুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই শ্রমিক বিএসসি'র কোনো শ্রমিক নয়। প্রপেলারে আটকে যাওয়া জাল খুলতে কয়েকজন শ্রমিক নিয়োগ করা হয়েছিল। তবে কতোজন শ্রমিক কাজ করছিল তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমইউএস/এইচএ/১৮৪৪ ঘ.
bdnews24