২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাসৈনিক আজমী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মাওলানা আহমেদুর রহমান আজমী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মাওলানা আহমেদুর রহমান আজমী। শুক্রবার বেলা ৩টায় মিরসরাইয়ের আবুরহাটে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক এলাকাবাসী দাফনে শরিক হন। ভাষা সংগ্রামী আজমীর জানাজায় মিরসরাই এলাকার সাংসদ ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দীন, বারৈয়ার হাট পৌর মেয়র আবু তাহের ভূঁইয়া, মাওলানা আজমীর রাজনৈতিক সহকর্মী বখতেয়ার নুর সিদ্দিকী, প্রবীণ শ্রমিকনেতা আহসান উল্লাহ চৌধুরী, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, সিপিবি নেতা বালাগাত উল্লাহ, অধ্যাপক অশোক সাহা উপস্থিত ছিলেন। দাফনের আগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে দাফনের আগে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। ভাষা সংগ্রামী মাওলানা আজমী বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে ৮২ বছর বয়সে মারা যান। তিনি তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তিনি ১৯৫২ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম অঞ্চলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত তিনি গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ কৃষক সমিতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৮৩৮ ঘ.