২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে ছুটির আমেজ

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে সাধারণ ছুটি দুপুর ২টা থেকে হলেও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সকাল থেকেই দেখা গেছে ছুটির আমেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে সাধারণ ছুটি দুপুর ২টা থেকে হলেও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সকাল থেকেই দেখা গেছে ছুটির আমেজ। বৃহস্পতিবার রাজধানীর সরকারি ও বেসরকারিসহ সব প্রতিষ্ঠানে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এদিন গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর। সংস্থাপন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলছেন, সব মিলিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রায় ২৫ শতাংশ অফিসে আসেনি। কর্মকর্তাদের প্রায় ৯০ শতাংশই অফিসে এসেছেন। তবে কর্মচারীর সংখ্যা কম। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির হার গড়ে ৬০ শতাংশের মতো। তবে কর্মচারীদের তুলনায় কর্মকর্তারাই বেশি এসেছেন অফিসে। একদিন আগে ঈদ-ই মিলাদুন্নবীর সরকারি ছুটি এবং আগামী দুদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মাঝের আধাবেলা কাজের দিনটি পড়েছে ছুটির ফাঁদে- এমনটাই বলছেন কর্মকর্তা-কর্মচারীরা। অনেক কর্মকর্তা ও কর্মচারী মঙ্গলবারই হাতের কাজ সেরে ছুটেছেন গ্রামে বা অন্য কোন গন্তব্যে। কেউ কেউ ঘরে বসে নিরাপদে খেলা দেখার সুযোগ নিতে বাইরেই বের হননি। স্বাভাবিকভাবে বৃহস্পতিবার সচিবালয় দর্শনার্থী মুক্ত থাকে। এরসঙ্গে উপস্থিতি কমে যাওয়ায় বৃহস্পতিবার বিভিন্ন ভবনের লিফটগুলোর সামনে তেমন দীর্ঘ লাইন দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৩৫০ ঘ.