কক্সবাজার, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়ায় লবণ মাঠের জমির দখল নিয়ে বুধবার দুই পক্ষের সংঘর্ষে এক লবণ চাষীর মৃত্যু হয়েছে।
একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো দুইজন।
নিহতের নাম মোহাম্মদ রিদুয়ান (৩০)। তার বাবার নাম আহমদ হোছাইন, বড়ি চকরিয়ার পূর্ব দরবেশকাটা এলাকায়।
গুলিবিদ্ধ দুজনের নাম মোহাম্মদ ইসমাইল (৩৫) ও দেলোয়ার হোসেন (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, চকরিয়ার উপকূলীয় এলাকা বদরখালীর কেয়ারারদিয়া এলাকায় লবণ চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরের পর ওই জমির দখল নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৩ জন গুলিবিদ্ধ হয়।
তাদের হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ রিদুয়ান মারা যান। অন্য দুজনকে প্রথমে চকরিয়া উপজেলা হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০১৩ ঘ.
bdnews24