২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে র‌্যাব-ডাকাত বন্দুকযুদ্ধ

নোয়াখালীতে র‌্যাব ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে পাঁচ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজন র‌্যাব সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

নোয়াখালী, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে র‌্যাব ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে পাঁচ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজন র‌্যাব সদস্য। বুধবার ভোররাতে সোনাপুর বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফম নিজাম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-১১ এর সদস্যরা একদল ডাকাতকে ঘিরে ফেলে। তখন ডাকাতরা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে র‌্যাব নুর আলম বাচ্চু (৩৮), মঞ্জুর হোসেন (২৮) ও মো. ফারুক (২৩) নামে তিন জনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। তাদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, একটি রিভলবার, আটটি কার্তুজ এবং বেশ কিছু বড় কিরিচ উদ্ধার করা হয় বলে জানান এএসপি। আহত দুই র‌্যাব সদস্য হলেন-এসআই নুরুজ্জামান (৩০) ও নায়েক মো. রফিক (৪২)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান নিজাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫২০ ঘ.