নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চুরির ঘটনায় জড়িত অভিযোগে নারায়ণগঞ্জ থেকে মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার করা হয়েছে স্বর্ণের হার, বালা ও ঝুমকা।
মঙ্গলবার সকালে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এই দুজনকে গ্রেপ্তার করে।
বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী আমেনা বেগম ও তার ছেলে রফিকুল ইসলাম চান্দু মিয়া।
ঢাকেশ্বরী মন্দিরে গত ৮ জানুয়ারি রাতে চুরি হয়। এরপর মন্দিরে পূজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
মন্দিরের ব্যবস্থাপক তপন ভট্টাচার্য্য তখন জানিয়েছিলেন, মন্দির থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা এবং পাঁচ-ছয় ভরি রৌপ্য চুরি হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, উদ্ধার করা গহনার মধ্যে আছে আড়াই ভরি ওজনের একটি হার, আট আনা ওজনের একটি বালা ও ছয় আনা ওজনের এক জোড়া ঝুমকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24