ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর ও কামরাঙ্গিরচর বস্তিতে সোমবার রাতে আগুনে অন্তত ১০৯টি ঘর পুড়ে গেছে।
এর মধ্যে মিরপুরের আরামবাগের জলপাড় বস্তিতে পুড়েছে ৫৪টি এবং কামরাঙ্গিরচরের রসুলবাগের বস্তিতে ৫৫টি ঘর পুড়েছে।
আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে মিরপুরের জলপাড় বস্তির একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর ১২টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফরহাদুজ্জামান।
এদিকে কামরাঙ্গিরচরের রসুলবাগ বস্তিতে রাত ৩টার দিকে গ্যাস লাইন ছিদ্র হয়ে আগুন ধরে ৫৫টি ঘর পুড়ে গেছে।
দমকল বাহিনীর চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরহাদুজ্জামান জানান, আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএন/এমইউএস/আরএ/১৪১৭ ঘ.
bdnews24