চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে একটি বড় জাহাজের ধাক্কায় দুটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। নিখোঁজ রয়েছে দুই জাহাজের সাত নাবিক।
তবে এ দুর্ঘটনায় বন্দরে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সিমেন্ট ক্লিংকারবাহী এমভি টিটু-২১ ও এমভি টিটু-২২ মঙ্গলবার প্রথম প্রহরে কুতুবদিয়া বাতিঘর থেকে ১০ দশমিক ৬৫ নটিক্যাল মাইল দূরে ডুবে যায় বলে চট্টগ্রাম বন্দর রেডিও কন্ট্রোল থেকে জানানো হয়েছে। এসময় টিটু-১৬ নামে আরেকটি লাইটারেজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনটি লাইটারেজই এমভি আনছির নামে একটি বড় জাহাজ থেকে ২৭০০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার নিয়ে বন্দরের দিকে আসার জন্য অপেক্ষা করছিলো। এসময় এমভি রামছির নামে আরেকটি বড় জাহাজের ধাক্কায় ওই দুটি লাইটারেজ ডুবে যায়।
ডুবে যাওয়া দুটি, আংশিক ক্ষতিগ্রস্ত একটি এবং ধাক্কা দেওয়া বড় জাহাজ- সবগুলোরই মালিক আবুল খায়ের গ্রুপ। তাদের স্থানীয় এজেন্ট লিটমন্ড শিপিং।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাইটারেজ তিনটি মাদার ভেসেল আনছির থেকে পণ্য খালাস করে অপেক্ষা করছিলো। রাত দেড়টার দিকে অন্য বড় জাহাজটি এসে তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।"
লাইটারেজ তিনটিতে ২৬ জন ক্রু থাকার কথা জানিয়ে তিনি বলেন, "কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে শুনেছি।"
জাহাজ তিনটির স্থানীয় শিপিং এজেন্ট লিটমন্ড শিপিংয়ের ব্যবস্থাপক (অপারেশনাল) আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় তিনটি জাহাজের সাত নাবিক সাগরে পড়ে যান।
নিখোঁজদের মধ্যে টিটু-২১ এর চার জন, টিটু-২২ এর দুজন এবং টিটু-১৬ এর এক জন নাবিক রয়েছেন। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে বলে জানান কাশেম।
বন্দরের উদ্ধারকারী দলের সদস্য ছাড়াও নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গেছেন বলে বন্দর সচিব জানান।
ডুবে যাওয়া জাহাজ দুটিতে মোট ২৬ জন নাবিক ছিলেন, ক্ষতিগ্রস্ত জাহাজটিতে ছিলেন ১৩ জন।
আবুল কাশেম জানান, ক্ষতিগ্রস্ত লাইটারেজ টিটু-১৬ বন্দরে ফিরে এসেছে।
চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দর চ্যানেলের বাইরে দুর্ঘটনা হওয়ায় জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটছে না।"
তবে অন্য জাহাজ চলাচল ঝুঁকিমুক্ত করতে ডুবে যাওয়া জাহাজ দুটি মার্কিংয়ের কাজ চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৩৯ ঘ.
bdnews24