২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই গরু উদ্ধারে গিয়ে পুলিশ কর্মকর্তা নিহত

সিলেটের গোয়াইন ঘাটে সীমান্তবর্তী এলাকায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে চোর চক্রের হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 04:13 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

সিলেট, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইন ঘাটে সীমান্তবর্তী এলাকায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে চোর চক্রের হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম উপপরিদর্শক মিজানুর রহমান। মঙ্গলবার ভোররাতে আলীরগাঁও ইউনিয়নের বার্কিপুর গ্রামে তিনি হামলার শিকার হন বলে গোয়াইন ঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন। আহত মিজানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই মারা যান তিনি। গত ১৩ ফেব্র"য়ারি গোয়াইন ঘাট এলাকায় ৪০টি গরু চুরি হয়। সে গরু উদ্ধারে বার্কিপুর গ্রামে অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন মিজান। পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুরি যাওয়া গরুগুলো বার্কিপুর গ্রামে আছে-এমন তথ্য পাওয়ার পর রাতে একটি দল নিয়ে ওই গ্রামে অভিযানে যান মিজান। কয়েকটি গরু উদ্ধার করে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালায় সংঘবদ্ধ চোর চক্র।" হামলাকারীদের বল্লমের আঘাতে মিজানের মৃত্যু হয় বলে ওসি জানান। হামলায় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তারা গোয়াইন ঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। সীমান্তবর্তী বার্কিপুরে একটি চোরচক্র সক্রিয় বলে স্থানীয়দের অভিযোগ। সিলেটের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ সাখাওয়াত হোসেনের কথায়ও তার সমর্থন পাওয়া গেলো। তিনি বলেন, "প্রত্যন্ত ওই এলাকায় এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। তবে চোরদের ধরতে পুলিশও সক্রিয় রয়েছে।" চুরি যাওয়া ২৭টি গরু উদ্ধার করে ফেরার পথে মিজান ও তার দল হামলার শিকার হন বলে এসপি জানান। তিনি বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০০ ঘ.