সাভার (ঢাকা), ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার বাজারে মঙ্গলবার ভোররাতে আগুনে পুড়েছে চারটি আড়ত। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
সাভারসহ আশপাশের এলাকার ব্যবসা কেন্দ্র নামা বাজারে রাত ৩টার দিকে আগুন লাগে। দমকল বাহিনী তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে সাভার ফায়ার স্টেশনের কর্মকর্তা খলিলুর রহমান।
আগুনে পুড়ে যাওয়া দেলোয়ার অ্যান্ড ব্রাদার্স, হাজী স্টোর, আনন্দ স্টোর ও গোপাল স্টোরে মুদি দোকানের সামগ্রীর বড় মজুদ ছিলো বলে আড়ত মালিকরা জানিয়েছেন।
স্টেশন অফিসার খলিলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।"
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনীর ধারণা। তারা বলছেন, ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ অন্তত ১০ লাখ টাকা।
তবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দেলোয়ার অ্যান্ড ব্রাদার্সের মালিক দেলোয়ার হোসেন ও গোপাল স্টোরের মালিক গোপাল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার প্রতিষ্ঠানে অর্ধ কোটি টাকার মালামাল পুড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৩০ ঘ.
bdnews24