কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ঘোগাদহ গ্রামের স্কুল ছাত্রী এসমেতারা খাতুনের ধর্ষণকারী এরশাদসহ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার সহপাঠিরা।
সোমবার দুপুরে ঘোগাদহ গ্রামে এ কর্মসূচিতে এসমেতারার সহপাঠি ও এলাকার লোকজন অংশ নেয়।
গত ৬ ফেব্র"য়ারি ঘোগাদহ মালেকা খাতুন বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী এসমেতারা আত্মহত্যা করে।
ধর্ষণের অভিযোগে এসমেতারার বাবা বনিজ উদ্দিন বাদী হয়ে এরশাদুল, মাতবর বয়েজ উদ্দিন, দিনবন্ধু, মানিক ও কালামকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক আব্দুল গফুর বলেন, মামলার পাঁচ আসামির সবাই পরিবারসহ পলাতক রয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ধর্ষণের পর কেন মামলা নেওয়া হয়নি তা জানানোর জন্য মঙ্গলবার হাইকোর্টে হাজির হয়ে জবাব দাখিল করবেন কুড়িগ্রাম সদর থানার ওসি তাহারুল ইসলাম।
গত ৯ ফেব্র"য়ারি হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ১৫ ফেব্র"য়ারি (মঙ্গলবার) উচ্চ আাদালতে হাজির হয়ে মামলা না নেওয়ার কারণ জানাতে সদর থানার ওসিকে তলব করার পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেন্ডেনকে ঘটনা সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
এ ব্যাপারে সদর থানার ওসি তাহারুল ইসলাম বলেন, এসমেতারার মৃত্যুর আগে থানায় কেউ মামলা করতে আসেনি। মৃত্যুর পর এলে মামলা নেওয়া হয়েছে।
আদালতে হাজির হয়ে তিনি এই ব্যাখ্যাই দেবেন বলে জানান।
মামলার নথি থেকে জানা যায়, ঘোগাদহ গ্রামের বনিজ উদ্দিনের মেয়ে এসমেতারাকে একই গ্রামের এরশাদুল বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে বিয়ে না করে প্রভাবশালীদের মাধ্যমে সাজানো সালিশে ৬০ হাজার টাকার বিনিময়ে জোর করে সাদা স্ট্যাম্পে বনিজ উদ্দিনের স্বাক্ষর নেয়।
এ ঘটনার পর এসমেতারা আত্মহত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৪ ঘ.
bdnews24